গাজীপুর জেলা আইনজীবী সমিতি
গাজীপুর প্রতিনিধি
গাজীপুর জেলা আইনজীবী সমিতির ২০২১-২০২২ সালের বার্ষিক নির্বাচন বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। এতে ২২টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদে বিএনপি সমর্থিত নীল প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন। অন্যদিকে দুটি সহসভাপতিসহ ১৭টি পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের প্রার্থীরা। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মো. সিদ্দিকুর রহমান সভাপতি ও অ্যাডভোকেট মো. জাকিরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া এ প্যানেলের নির্বাচিত অন্য তিন জন হলেন—সদস্য পদে কামরুল হাসান রাসেল, আতিকুর রহমান আতিক ও আশফাক হোসেন গাজী।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে নির্বাচিতরা হলেন—সহসভাপতি মো. মোস্তফা জামান ও মো. আবুল আসাদ, সহ-সাধারণ সম্পাদক রাজিবুল আলম রাখি, কোষাধ্যক্ষ বিল্লাল হোসেন সরকার, লাইব্রেরি সম্পাদক ইসমাইল হোসেন, অডিটর মো. মিজানুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ আব্দুল মালেক, ক্রীড়া সম্পাদক নূরুল ইসলাম, মহিলা সম্পাদিকা কামরুন নাহার ববি, সদস্য মোস্তাফিজুর রহমান বাহাদুর, মিনহাজ উদ্দিন সুমন, নিলুফা ইয়াসমিন সুমী, মোহাম্মদ সোহেল রানা, মো. আদনান মামুন, নূরুল আমিন, মো. মাহবুব হাসান ও মো. রুহুল আমীন। ভোট গণনা শেষে গতকাল শুক্রবার নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী মো. আসলাম হোসেন।
