চোরের সাগরেদ দফাদার !

আপডেট : ০৫ মার্চ ২০২১, ২২:০৭

ডিসির কাছে অভিযোগ

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা

শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন পরিষদের এক দফাদারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এ সব বিষয়ে স্থানীয় বাসিন্দা নিজাম উদ্দিন এলাকাবাসীর পক্ষে জেলা প্রশাসকসহ একাধিক অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, টেপিরবাড়ি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে শফিকুল ইসলাম নামে এক দফাদার আর্থিক সুবিধা নিয়ে এলাকার চোরদের সহায়তা, উঠতি বয়সি ছেলেদের বিভিন্ন নেশায় জড়িয়ে ও মেয়েদের দিয়ে অনৈতিক কাজ করিয়ে টাকা রোজগার করেন।

প্রায় তিন বছর আগে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে ইউপি চেয়ারম্যানের কাছে এ ব্যাপারে প্রতিকার চেয়ে গণআবেদনে অভিযোগ করে। তখন প্রশাসন তার বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বর্তমানে তিনি আরো বেপরোয়া হয়ে বিভিন্ন ধরনের অপরাধমূলক তত্পরতা চালিয়ে যাচ্ছেন। চোর, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিশেষ সুযোগ-সুবিধা দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। এতে কেউ প্রতিবাদ করলে থানা পুলিশ ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন বলেও জানা গেছে। তাছাড়া তিনি নেশাগ্রস্ত অবস্থায় চলাফেরা করেন বলেও অভিযোগ রয়েছে।

তার অনৈতিক কার্যকলাপে চেয়ারম্যান, মেম্বার ও ইউনিয়ন পরিষদের কর্মচারীরা পর্যন্ত অতিষ্ঠ। এসব অভিযোগ অস্বীকার করে শফিকুল ইসলাম জানান, তাকে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম জানান, দফাদার শফিকুলের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি । তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।