ইত্তেফাক রিপোর্ট
মগবাজারের মধুবাগ এলাকায় অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে গেছে। গতকাল সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ১৭ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত সে বিষয়ে তাত্ক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে এতে সুজন নামে এক দোকান কর্মচারী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মধুবাগে হাতিরঝিল থানাসংলগ্ন সারিবদ্ধ দোতলা টিনের ঘরের নিচতলায় অবস্থিত একটি মুরগির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে অন্যান্য দোকানে। একে একে আরো পাঁচটি দোকান পুড়ে যায়। এ সময় একটি দোকান থেকে মালামাল সরাতে গিয়ে সুজন নামে এক কর্মচারী আহত হয়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে মুরগির দোকান ছাড়াও একটি চায়ের দোকান ও একটি হোটেল।
