তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তরুণ প্রজন্ম সুস্থ বিনোদন ও ক্রীড়াচর্চার অভাবে সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে পড়েছে। এতে তাদের শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে। তাদের পড়ালেখা ও সামাজিক জীবনে এর বিরূপ প্রভাব পড়ছে। তরুণদের মানসিক বৃদ্ধি ও সোশ্যাল মিডিয়া আসক্তি দূর করতে তাদের সামাজিক কর্মকাণ্ড ও ক্রীড়াচর্চায় বেশি করে সম্পৃক্ত করতে হবে। তাদের মধ্যে সামাজিকতা ও দেশপ্রেম জাগ্রত করতে হবে। গতকাল নিজ নির্বাচনি এলাকা রাঙ্গুনিয়ায় বঙ্গবন্ধু শিশুকিশোর মেলা রাঙ্গুনিয়া শাখার উদ্যোগে পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী তার পিতা বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদারের নামে এ টুর্নামেন্ট আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান।
এর আগে বিশিষ্ট সমাজ সেবক আদেল সাদেক মাহমুদ ফাইনাল খেলা উদ্বোধন করেন। ফাইনালে খুরুশিয়া একাদশ সংঘ ১-০ গোলে নাপিত পুকুরিয়া সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে মন্ত্রী বিজয়ী ও রানার্স আপ দলকে পুরস্কৃত করেন। অনুষ্ঠানে রাঙ্গুনিয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র শাহজাহান সিকদারকে সংবর্ধনা দেওয়া হয়।
