করোনা ভাইরাস

টানা তিন দিন দৈনিক শনাক্ত ৬০০-এর ওপরে

আপডেট : ০৫ মার্চ ২০২১, ২২:২৭

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত এক দিনে আরো ৬৩৫ জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে টানা তিন দিন দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ৬০০ জনের উপরে থাকল। তার আগে গত ২৫ জানুয়ারি থেকে পাঁচ সপ্তাহ এই সংখ্যা ৬০০-র নিচেই ছিল।  ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে তা ৩০০-র নিচেও নেমেছিল।

গতকাল শুক্রবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে মারা যাওয়া ৬ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট ৮ হাজার ৪৪১ জনের মৃত্যু হলো। আর গত ২৪ ঘণ্টায় আরো ৬৩৫ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৪৯ হাজার ১৮৪ জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ৬৭৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ১ হাজার ১৪৪ জন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৮টি আরটি-পিসিআর ল্যাব, ২৯টি জিন-এক্সপার্ট ল্যাব ও ৭২টি র্যাপিড অ্যান্টিজেন ল্যাবে অর্থাত্ সর্বমোট ২১৯টি ল্যাবে ১৩ হাজার ৭১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪১ লাখ ১৯ হাজার ৩১টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৪ দশমিক ৬৩ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ২৫ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ। সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৩১ লাখ ৬৭ হাজার ৬১৯টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে ৯ লাখ ৫১ হাজার ৪১২টি।