ইউপি চেয়ারম্যান সরকারি কোষাগারে ফেরত দিলেন ৯ প্রকল্পের অর্থ

আপডেট : ০৫ মার্চ ২০২১, ২২:২৭

উপজেলার শমশেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছেন নির্বাচিত দুই নারী সদস্য। নির্বাচিত নারী ইউপি সদস্যদের তিন বছর যাবত্ ভাতা ও প্রাপ্ত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থাকার অভিযোগ তুলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব বরাবর তারা লিখিত অভিযোগ করেছেন। এছাড়া প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগের পর ৪ লাখ ৩৪ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

জানা যায়, ইউনিয়ন পরিষদের সম্মানি ভাতাসহ সুযোগ-সুবিধা না পেয়ে ও চেয়ারম্যানের অনিয়ম বিষয়ে সংরক্ষিত আসনের দুই নারী ইউপি সদস্য শারমিন বেগম চৌধুরী ও নমিতা সিং গত ৯ জানুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মৌলভীবাজার জেলা প্রশাসককে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।

এদিকে শমসেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদের বিরুদ্ধে প্রাক্তন চেয়ারম্যান আব্দুল গফুর ২০১৬ সনে দুর্নীতি দমন কমিশন বরাবর লিখিত অভিযোগ করেন। দুদকের তদন্তে ৪১টি প্রকল্পের অভিযোগের মধ্যে ৯টি প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণ হওয়ায় চেয়ারম্যান সরকারি কোষাগারে অর্থ জমা দেন। আব্দুল গফুরের দায়েরকৃত ঐ মামলা বর্তমানে উচ্চ আদালতে চলমান রয়েছে।

প্রকল্পের টাকা ফেরত দেওয়ার কথা স্বীকার করে ইউপি চেয়ারম্যান মো. জুয়েল আহমদ বলেন, আমার বিরুদ্ধে কোনো মামলা হয়নি। অভিযোগটি আদালত খারিজ করে দিয়েছে। নারী সদস্যরা শিগিগরই সম্মানি ভাতা পাবেন। মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে।