রাজধানীর মোহাম্মদপুরে সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলার চার্জশিট দাখিল করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সম্প্রতি আদালতে এ চার্জশিট দাখিল করা হয়। চার্জশিটে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। আসামিরা হলেন—নাইমুল হাসান, ফিরোজ মাহমুদ, মীর আমজাদ হোসেন, সাজু ইসলাম, রাজিবুল ইসলাম রাজু, শহিদুল আলম খান কাজল, তান্না ওরফে তানহা ওরফে মুজাহিদ আজমি তান্না, সিয়াম ও অলি আহমেদ ওরফে জনি। এরা সবাই ছাত্রলীগের নেতাকর্মী। এছাড়া ক্ষমতাসীন দলটির অজ্ঞাত আরো ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।
২০১৮ সালে ৪ আগস্ট রাতে সুজনের (সুশাসনের জন্য নাগরিক) সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের ইকবাল রোডের ১২/২ নম্বর বাসায় নৈশভোজের দাওয়াতে গিয়ে মার্শা বার্নিকাট এ হামলার শিকার হন। এ ঘটনায় ঐ বছরের ১০ আগস্ট রাতে ড. বদিউল আলম মজুমদার বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে চলতি বছরের ১৮ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক (নিরস্ত্র) মো. আবদুর রউফ চার্জশিট দাখিল করেন।
চার্জশিটের সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, বেশ কিছুদিন আগেই চার্জশিট অনুমোদন করা হয়েছে। সম্প্রতি আদালতে তা দাখিল করা হয়েছে।
চার্জশিটে বলা হয়েছে, ঐ রাতে নৈশভোজের নামে বার্নিকাট গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, তার স্ত্রী হামিদা হোসেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন আহমেদসহ আরো কয়েক জনের সঙ্গে সরকারবিরোধী ষড়যন্ত্র করছিলেন বলে খবর পায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। আনুমানিক রাত ১১টায় ছাত্রলীগের নাইমুল হাসান ওরফে রাসেলের নেতৃত্বে নেতাকর্মীদের একটি দল বার্নিকাটের গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ করে। তারা গাড়িটি ধাওয়া করলে রাষ্ট্রদূত দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের বাড়িতেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। দলটি বাড়ির জানালার গ্লাস ভাঙচুর করে এবং বদিউল আলম, তার স্ত্রী ও ছেলে মাহবুব মজুমদারকে জীবননাশের হুমকি দেয়। মাহবুবকে আঘাতও করে।
চার্জশিটে আরো উল্লেখ করা হয়, ২০১৮ সালে বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন সরকারবিরোধী কর্মকাণ্ড চালায়। ড. বদিউল আলম মজুমদার এবং ড. কামাল হোসেন বিভিন্ন সময় সরকারের নানামুখী কঠোর সমালোচনা করে থাকেন। তারা দেশি-বিদেশি গণমাধ্যম ও সংস্থার কাছে সরকারবিরোধী বিরূপ মন্তব্য করে থাকেন বলেও তদন্ত কর্মকর্তা চার্জশিটে উল্লেখ করেছেন।
