কুয়েতে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আবারও সারা দেশে কারফিউ জারি করা হয়েছে। গালফ নিউজ ও কুয়েত টাইমস জানায়, বৃহস্পতিবার দেশটির মন্ত্রীদের এক জরুরি সভায় ৭ মার্চ থেকে মাস জুড়ে প্রতিদিন ১২ ঘণ্টার কারফিউ থাকবে সারা দেশে।
কুয়েত টাইমস জানায়, প্রতিদিন বিকাল ৫টা থেকে ভোর ৫টা পর্যন্ত লোকসমাগমের স্থানসহ পার্ক, বাংলো বন্ধ থাকবে। দেশটিতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাইরের দেশ থেকে প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
মন্ত্রীদের কাউন্সিল দেশটিতে স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠানগুলো খোলার সিদ্ধান্ত নিলেও রেস্টুরেন্ট এবং ক্যাফেতে শুধু ডেলিভারি চালু রাখা হয়েছে। জনসাধারণের জন্য পার্কগুলোও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্যাক্সিতেও দুজন যাত্রীবহনের নিয়ম বলবত্ রয়েছে। কারফিউ চলার সময় ফজর, মাগরিব ও এশার নামাজের জন্য হেঁটে মসজিদে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ফার্মেসি এবং অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানগুলোকেও কারফিউ চলাকালীন ডেলিভারি সুবিধা দেওয়ার জন্য বলা হয়েছে। প্রসঙ্গত, কুয়েতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে এক হাজার ৭১৬ জন। মোট আক্রান্ত হয়েছে ১৯ লাখ ৬৪ হাজার ৯৭ জন।
