সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। গতকাল ভারতের রায়পুরে উদ্বোধনী ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ লেজেন্ডস। বিরেন্দ্রর শেবাগের ঝড়ো ব্যাটিংয়ে সুজন-রফিকদের ১০ উইকেটে হারিয়েছে ভারত লেজেন্ডস।
আগে ব্যাট করে ১৯.৪ ওভারে ১০৯ রানে অলআউট হয় রফিকের নেতৃত্বাধীন বাংলাদেশ লেজেন্ডস। যুবরাজ সিংহের বলে প্লেড অন হওয়ার আগে ওপেনার নাজিমউদ্দিন সর্বোচ্চ ৪৯ রান করেন। জাভেদ ওমর স্বভাবসুলভ শ্লথ গতিতে ১২, রাজিন সালেহ ১২ রান করেন। আর কেউ দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। ভারতের বিনয় কুমার, প্রজ্ঞান ওঝা ও যুবরাজ দুইটি করে উইকেট নেন।
পেশাদার ক্রিকেটকে বিদায় জানালেও শেবাগ-শচীন টেন্ডুলকারের ওপেনিং জুটি এখনো দুর্বার। ১০.১ ওভারে বিনা উইকেটে ১১৪ রান তুলে ম্যাচ জিতে নেয় শচীনের দল। শেবাগ ৩৫ বলে ১০টি চার, ৫টি ছক্কায় অপরাজিত ৮০ রান করেন। শচীন ২৬ বলে ৩৩ রান করে অপরাজিত ছিলেন। শেবাগ ম্যাচ সেরা হন।
