জোড়া লাগছে নওয়াজউদ্দিন-আলিয়ার ভাঙতে বসা সংসার

আপডেট : ০৬ মার্চ ২০২১, ১৯:৩১

বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর সংসার ভাঙ্গনের কথা গত বছর থেকেই শোনা যাচ্ছিলো। এ নিয়ে বহু জলঘোলা হয়েছে। নানান অভিযোগ তুলে নওয়াজকে বিচ্ছেদের আইনি নোটিশ পর্যন্ত পাঠিয়েছিলেন আলিয়া। এবার এলো নতুন সুখবর। প্রায় ভাঙতে বসা সেই সম্পর্ক নাকি এবার জোড়া লাগছে। তেমনটাই আভাস দিলেন অভিনেতার স্ত্রী আলিয়া সিদ্দিকী ওরফে অঞ্জনা কিশোর পাণ্ডে।

২০২০ সালে নওয়াজ এবং তার পরিবারের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন আলিয়া। জানিয়েছিলেন, স্বামী কোনও দিন গায়ে হাত না তুললেও তার ভাই শামাশ সিদ্দিকির কাছে প্রহৃত হয়েছিলেন তিনি। তবে সে সব কিছু ভুলে গিয়ে নওয়াজের সঙ্গে নতুন ভাবে জীবন শুরু করতে চাইছেন আলিয়া। কারণ আলিয়া কোভিডে আক্রান্ত হওয়ার পরেই নাকি নওয়াজউদ্দিনের অন্য একটি দিক সামনে আসে তার।

ভারতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে আলিয়া জানান, যখন তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নওয়াজউদ্দিন তখন আগ্রায় শুটিংয়ে ব্যস্ত। মুম্বাইয়ে থাকাকালীন তাদের দুই সন্তানের দেখাশোনার দায়িত্ব নিয়েছিলেন নওয়াজ। ব্যস্ত রুটিনের মধ্যেও ছেলে-মেয়েদের পড়াশোনা এবং অন্যান্য দিকগুলোতেও নজর রেখেছেন অভিনেতা। শুধু তাই নয়, মান-অভিমান ভালে খোঁজ নিয়েছেন আলিয়ার। নিয়ম করে ফোন করে নাকি জানতে চেয়েছেন তার স্বাস্থ্যের কথা।

গত বছরেও তাদের দাম্পত্যের সমীকরণ ছিল অন্য রকম। তবে সব সমস্যা মিটিয়ে ফের নওয়াজের সঙ্গে সংসার করতে চান আলিয়া। তা নিয়ে নাকি কথাবার্তাও চলছে অভিনেতার সঙ্গে। এ বিষয়ে যদিও এখনও কোনও মন্তব্য করেননি নওয়াজউদ্দিন।

ইত্তেফাক/বিএএফ