বিনোদন রিপোর্ট
আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর ‘ইত্যাদি’র পটুয়াখালী জেলার নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি সাগরকন্যা কুয়াকাটায় ধারণকৃত পর্বটি প্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে। পেছনে সমুদ্র আর দু-পাশে অর্ধশতাধিক মাছ ধরার নৌকা রেখে কুয়াকাটার ঐতিহ্য তুলে ধরে নির্মিত মঞ্চে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে এই পর্বটি ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে ধারণ করা হয়।
বিষয়-বৈচিত্র্যে ভরপুর ইত্যাদির এই পর্বে রয়েছে বেশ কয়েকটি সামাজিক, শিক্ষামূলক ও অনুসন্ধানী প্রতিবেদন। পটুয়াখালী ও কুয়াকাটার আকর্ষণীয় স্থানগুলোর ওপর তথ্যভিত্তিক প্রতিবেদনসহ সদর উপজেলার নন্দীপাড়ার আবদুর রাজ্জাক বিশ্বাসের সাপের খামারের ওপর রয়েছে একটি প্রতিবেদন। ১৯৯৫ সালের ২৯ সেপ্টেম্বর প্রচারিত ইত্যাদিতে পটুয়াখালী জেলার বাউফলের ধুলিয়া গ্রামের মোতালেবের বর্তমান গ্রাম উন্নয়ন কর্মকাণ্ড এবং সিরাজগঞ্জ ও যশোর জেলার দুটি গ্রামে কৃত্রিম ও প্রাকৃতিক উপায়ে মধু আহরণের ওপর রয়েছে দুটি ব্যতিক্রমী প্রতিবেদন। এছাড়া রয়েছে কুয়াকাটার নবীনপুর গ্রামের সাগর বন্ধু মন্নান মাঝির নিঃস্বার্থ মানবিক কর্মকাণ্ডের ওপর একটি প্রতিবেদন। বিদেশি পর্বে রয়েছে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি দক্ষিণ আফ্রিকার বিধানিক রাজধানী কেপটাউনে অবস্থিত পৃথিবীর প্রাকৃতিক সপ্তাশ্চর্য টেবিল মাউন্টেনের ওপর একটি বিশেষ প্রতিবেদন।
ইত্যাদির এই পর্বে একটি দেশাত্মবোধক গান গেয়েছেন প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী পটুয়াখালীর কৃতিসন্তান রেজওয়ানা চৌধুরী বন্যা। এছাড়াও বিভিন্ন জেলাকে নিয়ে গান পরিবেশনের ধারাবাহিকতায় পটুয়াখালীকে নিয়ে লেখা একটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন পটুয়াখালীরই স্থানীয় নৃত্যশিল্পীরা। রয়েছে মামা-ভাগ্নে, নানি-নাতি, চিঠিপত্র, দর্শক পর্বসহ বিভিন্ন সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কয়েকটি বিদ্রুপাত্মক নাট্যাংশ। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।
