এক জায়গার সেতু অন্য জায়গায় নির্মাণ!

আপডেট : ০৬ মার্চ ২০২১, ২১:৩০

কাজে লাগছে না এলাকাবাসীর

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

সেতুটির প্রয়োজন ছিল শরিফুল ইসলামের বাড়ি থেকে নাসির উদ্দিনের বাড়ির মধ্যখানে উলশি খালের ওপর। কিন্তু সেতু নির্মাণ করা হয়েছে আব্দুস সোবাহান ও আবুলের বাড়ির মধ্যে। আর নামফলকে লেখা রয়েছে—বলভা দক্ষিণপাড়া মালেকের বাড়ি থেকে বাবলুর বাড়ির মধ্যখানে উলশি খালের ওপর। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের বলভা গ্রামের এ ঘটনা। বাস্তবায়ন কর্মকর্তা মো. নূর মামুন দৈনিক ইত্তেফাককে জানান, ‘২০১৫-১৬ অর্থবছরে তিনি তাড়াশ উপজেলার দায়িত্বে ছিলেন না। শরিফুল ইসলামের বাড়ি থেকে নাসির উদ্দিনের বাড়ির মাধ্যখানে উলশি খালের ওপর আরেকটি সেতু নির্মাণ করে দেওয়া হবে।

স্থানীয় সেলিম উদ্দিন, আজম আলী, সাজাহান সরকার, আরজিনা খাতুন ও পারভীনসহ অনেকে বলেন, ‘সেতুটি নির্মাণ করার সময় তারা বাধা দিয়েছেন। কিন্তু তা উপেক্ষা করা হয়। সেই থেকে পরিত্যক্ত অবস্থায় রয়েছে।’ তারা আরো বলেন, শরিফুল ইসলামের বাড়ি থেকে নাসির উদ্দিনের বাড়ির মাধ্যখানে উলশি খালের ওপর ছোট একটি সেতুর অভাবে যুগযুগ ধরে নৌকায় ও পানিতে ভিজে এপার-ওপার যাতায়াত করছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্র জানায়, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় গ্রামীণ জনগোষ্ঠীর যোগাযোগব্যবস্থার উন্নতিকল্পে ২০১৫-১৬ অর্থবছরে ২৪ লাখ ৬৮ হাজার ৯১৫ টাকা ব্যয়ে ৩০ ফুট দৈর্ঘ্যের এ সেতুটি নির্মাণ করা হয়। সরেজমিনে রবিবার দেখা যায়, সেতুর ওপরে গোবর শুকানো হচ্ছে। দুই পাশেও একইরকম অবস্থা। এ প্রসঙ্গে উপজেলা প্রকল্প তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাউল করিম বলেন, ব্রিজটি নির্মাণে সরকারের এতগুলো টাকা কেন অপচয় করা হলো সে সম্পর্কে সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।