বোরোর মাঠ যেন সবুজ সোনালি কারপেট

আপডেট : ০৬ মার্চ ২০২১, ২১:৩২

নেত্রকোনার হাওর

শ্যামলেন্দু পাল, নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা জেলায় বোরোর আবাদ শেষ হয়েছে মাস খানেক আগেই। এখন জমি সবুজময়। আবার কোথাও কোথাও ধান পাকছে। সোনালি আবেশ। আবহাওয়া অনুকূল থাকায় আগামী ১০/১৫ দিনের মধ্যে বোরো ধান কাটা শুরু হবে বলে কৃষি বিভাগ জানায়। হাওর উপজেলা হিসাবে পরিচিত খালিয়াজুরী, মোহনগঞ্জ এবং মদন উপজেলায় এবার ১ হাজার হেক্টর বেশি জমিতে বোরোর আবাদ হয়েছে। চলতি বোরো মৌসুমে জেলায় ১ লাখ ৮৩ হাজার ৮৭০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছিল। আবাদ হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৮৭০ হেক্টর। এর মধ্যে হাইব্রিড ২৩,০০০ হেক্টর, উচ্চফলনশীল ১,৬০,৫২০ হেক্টর এবং স্থানীয় জাতের ৩৫০ একর জমিতে বোরো আবাদ করা হচ্ছে। গতকাল মঙ্গলবার পর্যন্ত আবাদ হয়েছে ১ লাখ ৭৫ হাজার হেক্টর জমি। হাওর উপজেলা খালিয়াজুরীতে ২০,২৮০ হেক্টর, মোহনগঞ্জে ১৭,৫১০ হেক্টর এবং মদনে ১৭,১৫৫ হেক্টর জমির সবটুকুই আবাদ হয়েছে। বোরোর মাঠ যেন এখন সবুজ সোনালি কারপেট

নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হাবিবুর রহমান গতকাল শনিবার এই প্রতিনিধিকে বলেন, এবার আবহাওয়া অনুকূল থাকায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা পূরণ হবে। তিনি জানান, সবকিছু ঠিক থাকলে এবং আগাম বন্যায় কোনো ক্ষতি না করলে এবার বোরো ধান উত্পাদিত হবে ৭ লাখ ৪৫ হাজার ৩৬২ টন। খালিয়াজুরী হাওরের কৃষক মহসিন মিয়া বলেন, আবহাওয়া অনুকূল থাকায় এবারও হাওরে বোরোর বাম্পার ফলন কবে বলে আশা করা হচ্ছে। এদিকে জেলা প্রশাসক এবং বীজ ও সার মনিটরিং কমিটির সভাপতি কাজী মো. আবদুর রহমান বলেন, সারের জন্য বোরোর আবাদে যাতে কোনো সমস্যা না হয় সে জন্য গুদামে পর্যাপ্ত ইউরিয়া, ডিএপি এবং এ্যামোনিয়া সার মজুত রাখা হয়েছে। উপজেলার সব সার ডিলারের বিক্রয় কেন্দ্র মনিটরিং করা হচ্ছে। কারখানা খেকে যাতে যথা সময়ে ডিলারগণ সার উত্তোলন করেন সে জন্য তাদের নির্দেশ প্রদান করা হয়েছে বলেও তিনি জানান। তিনি নিজে হাওর উপজেলাগুলো ও পরিদর্শন করেছেন। হাওরের ফসল রক্ষা বাঁধগুলো যথাসময়ে নির্মাণের জন্যও তদারকি করা হচ্ছে।