পঞ্চগড়ে বিপন্ন প্রজাতির ময়ূর উদ্ধার

আপডেট : ০৬ মার্চ ২০২১, ২১:৩৩

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে শুক্রবার সন্ধ্যায় বিপন্ন প্রজাতির একটি ময়ূর উদ্ধার করা হয়েছে। জেলার বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের বারঘরিয়া এলাকা থেকে ময়ূরটিকে উদ্ধার করা হয়। পরে দেবীগঞ্জ ফরেস্টের রেঞ্জার মধুসূদন বর্মন রাতেই ময়ূরটি পঞ্চগড়ে নিয়ে আসেন। শনিবার সকালে পঞ্চগড় থেকে ময়ূরটি দিনাজপুরের রামসাগর নিয়ে যাওয়া হয়েছে। পঞ্চগড় বনবিভাগের বিট অফিসার সুলতান মাহমুদ জানান, বিপন্ন প্রজাতির এই ময়ূরটি ঐ এলাকায় এলে স্থানীয় কয়েক যুবক বিভিন্নভাবে আঘাত করে। এতে ময়ূরটি আহত হয়। পরে স্থানীয়রা আহত ময়ূরটি মিজানুর রহমানের কাছে রেখে বন বিভাগে খবর দেন। খবর পেয়ে দেবীগঞ্জ ফরেস্টের রেঞ্জার মধুসূদন বর্মন সেটি উদ্ধার করে পঞ্চগড় নিয়ে আসেন।

দেবীগঞ্জ ফরেস্টের রেঞ্জার মধুসূদন বর্মন জানান, স্থানীয় যুবকরা ময়ূরটিকে আহত করে। সেখান থেকে উদ্ধার করে বোদা প্রাণিসম্পদ কর্মকর্তার মাধ্যমে চিকিত্সা দিই। পরে পঞ্চগড় বন বিভাগের খাঁচায় রাখা হয়। ময়ূরটি দিনাজপুরে নিয়ে যাচ্ছি। এটি একটি ভারতীয় ময়ূর বলে তিনি জানিয়েছেন।