রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা
রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীত হলেও ৩১ শয্যার জনবল দিয়েই চলছে কার্যক্রম। এতে কাঙ্খিত স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলাবাসী। হাসপাতালে চিকিত্সা নিতে আসা নূরজাহান ও রোজিনা আক্তার বলেন, হাসপাতালের পরিবেশ আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে। তবে জনবল সংকট রয়েছে। হাসপাতালে এসে যদি রোগীরা সব ধরনের রোগের চিকিত্কদের পায় তাহলে তারা বাইরের ক্লিনিকে যেতো না। চিকিত্সা নিতে আসা আব্দুর রাজ্জাক ও মকবুল হোসেন বলেন, আগে হাসপাতালের এক্সরে মেশিন দীর্ঘদিন যাবত্ অচল ছিল। কিন্তু এখন ডিজিটাল মেশিনের মাধ্যমে এক্সরে করা হয়। অ্যাম্বুলেন্স ছিল না এখন আধুনিক মানের অ্যাম্বুলেন্স রয়েছে। কিন্তু হাসপাতালটি ৫০ শয্যার সেবা দেওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হলে এ অঞ্চলের মানুষ বিনামূল্যে আরো অধিক মানসম্পন্ন স্বাস্থ্য সেবা পেতেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কে এইচ এম ইফতেখারুল আলম খাঁন বলেন, ২০১২ সালে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ থেকে ৫০শয্যায় উন্নীত করার লক্ষ্যে অবকাঠামোগত সকল স্থাপনা নির্মাণ ও সরঞ্জাম সরবরাহ করা হয়। কিন্তু বিভিন্ন পদে প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হয়নি। ৫০ শয্যার জন্য হাসপাতালে ১৮ জন বিভিন্ন বিভাগের চিকিত্সক থাকার কথা থাকলেও বর্তমানে আছেন ১০ জন। নার্স ১৪ জনের স্থলে রয়েছেন ২০ জন এবং পরিচ্ছন্নতা কর্মী পাঁচ জনের জায়গায় রয়েছেন চার জন। তবে ৫০ শয্যার হাসপাতালে চিকিত্সকসহ প্রয়োজনীয় জনবল সংকট নিরসন হলে উপজেলাবাসী আরো উন্নয়ন স্বাস্থ্যসেবা পাবেন।
