কুুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় মালবাহী ট্রেনের লাইনচ্যুত পাঁচটি ওয়াগন ২৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। ঈশ্বরদী থেকে শুক্রবার বিকাল পাঁচটার দিকে রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছে। গতকাল শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে উদ্ধার কাজ সম্পন্ন হয়। এর আগে মারাত্মক ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত ও স্লিপার প্রতিস্থাপন করা হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতি নিরূপণে গঠিত তদন্ত কমিটির প্রধান রেলওয়ের পাকশী বিভাগীয় ট্রান্সপোর্টেশন অফিসার নাসির উদ্দিন জানান, কুষ্টিয়া স্টেশন মাস্টারের অনুমতি ছাড়াই লাইনের ওপর ট্রলি থামিয়ে রেলওয়ের কিছু কর্মী মালামাল তুলছিলেন। শুক্রবার দুপুর ১টার দিকে ক্লিয়ারিং সিগন্যাল পেয়ে মালবাহী ট্রেনটি দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার সময় শহরের মিলপাড়া এলাকায় রেললাইনের ওপর থেমে থাকা ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। রেলওয়ের পাকশী বিভাগীয় প্রকৌশলী বিরবল মন্ডল জানান, লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার ও লাইন মেরামত সম্পন্ন হয়েছে।
