লোহাগাড়ায় চাষ হচ্ছে সূর্যমুখী

আপডেট : ০৬ মার্চ ২০২১, ২১:৩৬

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা

চলতি বছর লোহাগাড়া উপজেলায় সূর্যমুখী ফুলের চাষ হয়েছে। নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার কলাউজান ও আধুনগরে এ চাষ করা হয়েছে। এখন ফসলের মাঠে শোভা পাচ্ছে সূর্যমুখী হলুদ ফুল। উপজেলা কৃষি বিভাগ জানায়, চলতি বছর থেকে উপজেলার আধুনগরের হরিণা হাতিয়াপুল এলাকায় ও পূর্ব কলাউজানের জয়নগর এলাকায় কৃষি বিভাগের সহযোগিতায় দুই জন কৃষক দুই বিঘা জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেছে। গাছে সূর্যমুখী ফুল ধরা শুরু হয়েছে। ফলনও ভালো হয়েছে। এই সূর্যমুখী ফুলের চাষ দেখে এলাকার কৃষকদের আগ্রহ বাড়ছে। কৃষক শফিক আহমদ জানান, কৃষি বিভাগের সহযোগিতায় তিনি এক বিঘা জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেছেন। তার খরচ হয়েছে ৪-৫ হাজার টাকা। ফুল কাটতে আরো কিছু টাকা খরচ হবে। তিনি জানান, সামনে আরো বেশি জমিতে সূর্যমুখী ফুলের চাষ করবেন। উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, লোহাগাড়ায় চলতি বছর থেকে সূর্যমুখী ফুলের চাষ শুরু হয়েছে। এর চাষ বাড়লে ভোজ্য তেলের ওপর আমদানি নির্ভরতা কমানো সম্ভব। অন্যান্য তেলের চেয়ে সূর্যমুখী তেল অনেক পুষ্টিকর।