বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
বিজয়নগর উপজেলা থেকে রহিমা বেগম নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার শিশাজালালপুর গ্রামের দিঘির পাশ থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত রহিমা ঐ গ্রামের সাহেদ মিয়ার স্ত্রী।
বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, শুক্রবার বিকেলে বাড়ি থেকে বাজার করার জন্য বের হয় রহিমা। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইল ফোনে কথা হলেও পরে ফোনটি বন্ধ পাওয়া যায়। সকালে শিশাজালালপুর গ্রামের দিঘির পাশে ঐ গৃহবধূর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে নিহের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে তার গলায় কাপড়ের বেল্ট লাগানো ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
