বগুড়ায় স্কুলছাত্রকে ছুরিকাঘাত

আপডেট : ০৬ মার্চ ২০২১, ২১:৩৭

শেরপুর (বগুড়া) সংবাদদাতা

বগুড়ার শেরপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সজিব হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেছেন। শুক্রবার রাত ১০টার দিকে শেরপুর শহরের হাসপাতাল রোড এলাকায় এই ঘটনা ঘটে। আহত সজিব হোসেন উপজেলার কুসুম্বী ইউনিয়নের কেল্লাপোষী গ্রামের শাহিন হোসেনের ছেলে ও স্থানীয় দি পারফেক্ট আইডিয়াল স্কুলের নবম শেণি ছাত্র। সজিবের দাদি আনোয়ারা বেগম বলেন, হাসপাতাল রোড এলাকায় পৌরসভা কবরস্থান ও হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। সেই ওয়াজ মাহফিলে অংশ নিতে যায় সজিব। কিন্তু জগন্নাথপাড়া এলাকার তাকে ছুরিকাঘাত করা হয়। পূর্বশক্রতার জেরে ঘটনাটি ঘটানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন। শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম শহিদ বলেন, এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।