রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ৩০ দোকানসহ কাঁচা ঘর পুড়ে ছাই

আপডেট : ০৬ মার্চ ২০২১, ২১:৩৭

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি শহরের কাঁঠালতলী এলাকায় মসজিদ কলোনিতে অগ্নিকাণ্ডে প্রায় ২৫/৩০টি দোকান ও কাঁচা ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটসহ সেনাবাহিনী, পুলিশ, রেড ক্রিসেন্ট ও স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুনে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মোস্তফা মহসিন। আগুনের সূত্রপাত সম্পর্কে তাত্ক্ষণিক জানতে পারেননি তিনি। রাঙ্গামাটির নবাগত জেলা প্রশাসক মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন।