করোনার উত্স সম্পর্কে এ মাসেই জানানো হবে :বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট : ০৬ মার্চ ২০২১, ২১:৪০

বিশেষজ্ঞদের ধারণা, নতুন করোনা ভাইরাসটি বাদুড়ের শরীরে তৈরি হয়েছিল এবং সেটি স্তন্যপায়ী প্রাণীদের মাধ্যমে মানুষের মধ্যে ছড়িয়েছে

 এএফপি

বৈশ্বিক মহামারি সৃষ্টি করা করোনা ভাইরাসের উত্স কোথায়, তা এ মাসেই জানাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আরো সুনির্দিষ্টভাবে বললে, আগামী মার্চের তৃতীয় সপ্তাহেই জানা যাবে প্রাণঘাতী ভাইরাসটি কীভাবে কার মাধ্যমে ছড়িয়েছিল।

ডব্লিউএইচওর মহাপরিচালক তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসুস সংস্থার সদস্য দেশগুলোর উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে বলেছেন, ‘আমি জানি অনেক সদস্য দেশই সার্স-কোভ-২ ভাইরাসের উত্স নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিচালিত গবেষণার প্রতিবেদন দেখতে উত্সুক, অবশ্যই আমিও তা-ই।’ তিনি বলেন, ‘দলটি চূড়ান্ত প্রতিবেদনের পাশাপাশি একটি সংক্ষিপ্ত প্রতিবেদন নিয়ে কাজ করছে। যা বুঝতে পারছি, সেগুলো ১৫ মার্চের সপ্তাহে একসঙ্গে প্রকাশ করা হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বলেন, বাকিটা নিশ্চিত যে, প্রতিবেদনগুলো প্রস্তুত হওয়ার পর আমরা বিশেষজ্ঞ দলকে সেগুলো প্রকাশের আগে সদস্য দেশগুলোর সঙ্গে শেয়ার করতে এবং অনুসন্ধানের সংক্ষিপ্তসার জানাতে বলব।’

২০১৯ সালের ডিসেম্বরে প্রথমবারের মতো চীনে শনাক্ত হয়েছিল নোভেল করোনা ভাইরাস, পরে যার নাম দেওয়া হয় সার্স-কোভ-২ এবং এ থেকে সৃষ্ট রোগকে বলা হচ্ছে কোভিড-১৯। গত ১৫ মাসে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রায় প্রতিটি কোণে। ইতিমধ্যে এতে আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৬৬ লাখের বেশি মানুষ, মারা গেছেন প্রায় ২৬ লাখ। প্রথমবার শনাক্ত হওয়ার প্রায় এক বছর পর গত জানুয়ারিতে চীনে করোনা ভাইরাসের উেসর সন্ধানে গিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বাধীন আন্তর্জাতিক তদন্তকারী দল। তারা উহানে প্রায় চার সপ্তাহ কাটায় এবং প্রথমদিকের সংক্রমণগুলোর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থান ঘুরে দেখে।

বিশেষজ্ঞদের ধারণা, নতুন করোনা ভাইরাসটি বাদুড়ের শরীরে তৈরি হয়েছিল এবং সেটি স্তন্যপায়ী প্রাণীদের মাধ্যমে মানুষের মধ্যে ছড়িয়েছে। যদিও উহান অভিযানে ভাইরাসটির সুনির্দিষ্ট উত্স শনাক্তে ব্যর্থ হয়েছে ডব্লিউএইচওর বিশেষজ্ঞ দল, তবে সেটি চীনাদের কোনো ল্যাবরেটরি থেকে ছড়িয়েছিল, এমন ধারণা চীন ছাড়ার আগেই বাতিল করে দেন তারা। অবশ্য দলটি জেনেভায় পৌঁছানোর পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছিলেন, সব অনুমান এখনো উন্মুক্ত।