নার্সেস সংগ্রাম পরিষদের নতুন কর্মসূচি

আপডেট : ০৬ মার্চ ২০২১, ২২:১২

বিশেষ প্রতিনিধি

নার্সেস সংগ্রাম পরিষদ তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে। প্যাশেন্ট কেয়ার টেকনোলজিস্টদের নার্স নিবন্ধন না দেওয়ার দাবিতে গতকাল শনিবার পূর্ব ঘোষিত মানববন্ধন কর্মসূচি পালন শেষে বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নার্সেস সংগ্রাম পরিষদের এক জরুরি সভায় এ কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে আজ রবিবার সকাল ১০টায় ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হবে। আগামীকাল সোমবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত প্রত্যেক হাসপাতাল, স্বাস্থ্য প্রতিষ্ঠান ও নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক ব্লকের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করবে। আগামী ৯ মার্চ থেকে ১১ মার্চ নার্সেস সংগ্রাম পরিষদের উত্থাপিত দাবির স্বপক্ষে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হবে।

নার্সেস সংগ্রাম পরিষদের দাবিগুলো হলো, নার্সিং সেবার মান রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কোনোক্রমেই কারিগরি বোর্ডের অধীনে প্যাশেন্ট কেয়ার টেকনোলজিস্টদের নার্স নিবন্ধন দেওয়া যাবে না। পরিবার কল্যাণ পরিদর্শিকাদের ডিপ্লোমা ইন মিডওয়াইফারি সমমান করা যাবে না। ব্যাচেলর অব নার্সিং সায়েন্স, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ছাত্র/ছাত্রীদের নির্ধারিত কম্প্রিহেনসিভ লাইসেন্সিং পরীক্ষার স্থগিত আদেশ অবিলম্বে প্রত্যাহার করে কম্প্রিহেনসিভ লাইসেন্সিং পরীক্ষার ব্যবস্থা করতে হবে। গতকাল নার্সেস সংগ্রাম পরিষদের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।