ইত্তেফাক রিপোর্ট
কদমতলীর ঢাকা ম্যাস ফ্যাক্টরির সামনে লেগুনা ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মোবারক হোসেন। এ ঘটনায় পাপ্পু নামে এক যুবক আহত হয়েছেন। নিহত মোবারক কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার চৌদ্দকোট এলাকার আলী আশরাফের ছেলে। তিনি শ্যামপুরে অবস্থিত একটি স্টিল মিলে কাজ করতেন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কদমতলী থানার এসআই মো. জহিরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জানা গেছে, দুর্ঘটনাকবলিত লেগুনা ও অটোরিকশা পুলিশ জব্দ করেছে। তবে উভয় গাড়ির চালকই পালিয়ে গেছেন।
