রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
রূপগঞ্জ উপজেলার মাছিমপুর গ্রামের পিতা জালাল মিয়া ও পুত্র নজরুল ইসলাম বাবু হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার সোনারগাঁও থানার মিরেরটেক থেকে তাওলাদ হোসেনকে এবং রূপগঞ্জের মুড়াপাড়া এলাকা থেকে রিয়াজ মিয়াকে গ্রেফতার করা হয়। তাদের বাড়ি উপজেলার মাছিমপুর গ্রামে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত তাওলাদের বিরুদ্ধে রূপগঞ্জ ও সোনারগাঁও থানায় হত্যা, মাদক, ছিনতাই, পুলিশের ওপর হামলাসহ ১৮টি এবং রিয়াজের বিরুদ্ধে আটটি মামলা রয়েছে। তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহসিনুল কাদির বলেন, ওয়ারেন্টভুক্ত আসামি তাওলাদ ও রিয়াজ দীর্ঘদিন ধরে পলাতক ছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে। উল্লেখ্য, ২০১২ সালে পুত্র নজরুল ইসলাম বাবুকে হত্যা করা হয়। পরে পুত্র হত্যার অভিযোগে পিতা জালাল মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ২০১৪ সালে পিতা জালাল মিয়াকেও কুপিয়ে হত্যা করা হয়।
