স্পোর্টস রিপোর্টার
দীর্ঘদিন পর মোহামেডানে নির্বাচন, এতোটা উত্সবমুখর হবে ভাবেননি মোহামেডানের লোকজন। ধারণা ছিল কমসংখ্যক লোকজন আসবে। কিন্তু তা হয়নি। সকাল থেকেই বার্ষিক সাধারণ সভায় উপস্থিতি সবার নজর কেড়ে নিয়েছে। রাজনৈতিক ব্যক্তি, সংসদ সদস্য, কোচ, সাবেক ফুটবলার, কর্মকর্তা, সংগঠকদের পেয়ে মোহামেডান যেন প্রাণ ফিরে পেয়েছে। বিমানবন্দর সড়কে অবস্থিত লা মেরিডানের ১৬ তলায় মোহামেডানের সভায় সদস্যদের পদচারণায় মুখরিত ছিল। ইন্ডিপেনডেন্ট সভাপতি অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিনের সভাপতিত্বে মঞ্চে বসেছিলেন ক্লাবের পরিচালক পর্ষদ। বিগত বছরগুলোর কার্যক্রম, আয়-ব্যয়ের হিসাব উত্থাপনের পর সাধারণ আলোচনায় মোহামেডানের অতীত ঐতিহ্য হারানো গৌরব, আগামীতে মোহামেডানের পথচলা সবকিছু নিয়ে সাধারণ সদস্যরা পালাক্রমে তুলে ধরেন।
এক জন পরিচালক যেন দীর্ঘদিন না থাকতে পারেন, ঘুরেফিরে একই ব্যক্তি যেন পরিচালক পদে না আসেন তার জন্য আইন করার কথা বলা হলে মোস্তাকুর রহমান উঠে সভাপতির জ্ঞাতার্থে বলেন এই আইন আর্টিকেল অব মেমরান্ডামে উল্লেখ আছে। সাভারে মোহামেডানের ২৫ একর জমি আছে, সেটি আদায় করে কাজে লাগানোর দাবি উঠলে আমিন উদ্দিন বলেন, ‘সাভারের জমি নিয়ে বন মন্ত্রণালয়ের আপত্তি আছে। সেটা সমাধান করে ব্যবহার করা যাবে।’ সাবেক ফুটবলার কাজী জসিম উদ্দিন জোসী বললেন, ‘মোহামেডানকে ব্যবহার করার জন্য আসবেন না। ভালো দল গড়ার জন্য এখানে টাকার দরকার। যারা টাকা দিতে পারবেন তারা আসবেন। টেকনিক্যাল লোকের অভাব নেই মোহামেডানে।
পরিচালক পদে নির্বাচিত প্রার্থীরা হলেন ঃ দা’তে একরামুল হক, মঈন উদ্দিন হাসান রশিদ, জামাল রানা, মাসুদুজ্জামান, সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ, সংসদ সদস্য শফিউল ইসলাম, আবু হাসান চৌধুরী প্রিন্স, মোস্তফা কামাল, খুজিস্তা নুর ই নাহরিন, সিদ্দিকুর রহমান, কবীর আহমেদ ভুঁইয়া, মাহবুব আনাম, হানিফ ভুঁইয়া, গোলাম মোহাম্মাদ আলমগীর, মঞ্জুর আলম, এ জি এম সাব্বির।
পরাজিতরা হলেন : সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদী, কামরুন নাহার ডানা, সাজেদ আদেল, মোস্তাকুর রহমান।
