টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোহলিরা
স্পোর্টস ডেস্ক
যা একটু রোমাঞ্চের আশা ছিল, তৃতীয় দিনে তাও নষ্ট করে দিলেন ভারতের স্পিন-জুটি, অক্ষর প্যাটেল ও রবিচন্দন অশ্বিন। দুই জনই পাঁচটি করে উইকেট নিয়ে গতকাল ১৩৫ রানেই থামিয়ে দিয়েছেন ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। যার ফলে, মোতেরায় সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে সফরকারীদের ইনিংস ও ২৫ রানে হারিয়েছে স্বাগতিক ভারত। এই জয়ে ৩-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে ভিরাট কোহলির দল। আর একই সঙ্গে নিউজিল্যান্ডের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও নিশ্চিত করে ফেলেছে স্বাগতিকরা।
সাত উইকেটে ২৯৪ রান নিয়ে ব্যাট করতে নামা স্বাগতিকরা গতকাল সকালে স্কোরকার্ডে যোগ করে আরো ৭১ রান। শেষ পাঁচ বলে ভারতের শেষ তিন ব্যাটসম্যান আউট হয়ে গেলে উইকেটের অপর প্রান্তে থাকা ওয়াশিংটন সুন্দর মাত্র চার রানের জন্য বঞ্চিত হন ক্যারিয়ারের প্রথম শতক থেকে। ভারতের চেয়ে ১৬০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল ইংল্যান্ড। স্পিনারদের তোপে মোতেরার বসে যাওয়া পিচে ইংল্যান্ডের টপ অর্ডার দাঁড়াতে পারেনি একদমই। ১০ রানে দুই, ২০ রানে তিন ও ৩০ রানে চার উইকেট পড়ে গেলে সফরকারীদের পরাজয় নিশ্চিত হয়ে যায় তখনই। ইনিংস পরাজয় এড়াতে তখন ডেনিয়েল লরেন্স (৫০) একা লড়ে গেলেও শেষ রক্ষা আর হয়নি। লরেন্সে উইকেট দিয়েই পরন্ত বিকালে ইংল্যান্ডের ইনিংসের ইতি টানেন অশ্বিন। সিরিজে ৪ ম্যাচ খেলে ৩২ উইকেট নেওয়া অশ্বিন সিরিজসেরাও হয়েছেন।
সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে বড় ব্যবধানে হারার পর পরের তিন ম্যাচ জিতে আরেকটি সিরিজে দুর্দান্ত কামব্যাক করল কোহলিরা। ম্যাচশেষে কোহলির কণ্ঠেও সেই উচ্ছ্বাস, ‘চেন্নাইয়ের কামব্যাকটা আমাকে সবচেয়ে বেশি স্বস্তি দিয়েছিল। প্রথম ম্যাচে একদম ধস নেমেছিল, আর ইংল্যান্ডও আমাদের চেয়ে ভালো খেলেছে।’ অস্ট্রেলিয়া সফরের মতো ঘরের মাটিতে হওয়া এই সিরিজেও ভারতের নতুনরা নজর কেড়েছে। তাদেরকে কৃতিত্ব দিতেও ভুলেলনি কোহলি, ‘আমাদের বেঞ্চ খুবই শক্তিশালী এবং এটা ভারতীয় ক্রিকেটের জন্য ভালো। ’
কর্তৃত্ব দেখিয়ে সিরিজ জেতার পাশাপাশি টেস্ট র্যাংকিংয়ের শীর্ষেও উঠে গেছে ভিরাট কোহলিরা। দুই বছরব্যাপী টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনালে আগামী ১৮ জুন কিউইদের মুখোমুখি হবে ভারত।
সংক্ষিপ্ত স্কোর :
ইংল্যান্ড ১ম ইনিংস : ২০৫
ভারত ১ম ইনিংস : (আগের দিন ২৯৪/৭) ১১৪.৪ ওভারে ৩৬৫ (সুন্দর ৯৬*; স্টোকস ৪-৮৯)
ইংল্যান্ড ২য় ইনিংস : ৫৪.৫ ওভারে ১৩৫ (লরেন্স ৫০; অক্ষর ৫-৪৮, অশ্বিন ৫-৪৭)
ফল : ভারত ইনিংস ও ২৫ রানে জয়ী।
সিরিজ : ৪ টেস্টের সিরিজে ৩-১ ব্যবধানে জয়ী ভারত।
ম্যাচসেরা : রিশাব পান্ত। সিরিজসেরা: রবিচন্দন অশ্বিন।
