দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আবারও ঊর্ধ্বমুখী। গত এক দিনে আরো ১০ জনের করোনায় মৃত্যু হয়েছে। এর আগের দিন ৫ মার্চ মৃত্যু হয়েছিল ছয় জনের, ৪ মার্চ সাত জনের এবং ৩ মার্চ মৃত্যু হয়েছিল পাঁচ জনের। গতকাল শনিবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে মারা যাওয়া ১০ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট ৮ হাজার ৪৫১ জনের মৃত্যু হলো। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৪ দশমিক ১৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় আরো ৫৪০ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৪৯ হাজার ৭২৪ জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ৮২২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ১ হাজার ৯৬৬ জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৮টি আরটি-পিসিআর ল্যাব, ২৯টি জিন-এক্সপার্ট ল্যাব ও ৭২টি র্যাপিড অ্যান্টিজেন ল্যাবে অর্থাত্ সর্বমোট ২১৯টি ল্যাবে ১৩ হাজার ৮২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪১ লাখ ৩২ হাজার ১১৩টি নমুনা। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৩১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ। সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৩১ লাখ ৭৫ হাজার ৭৭৯টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে ৯ লাখ ৫৬ হাজার ৩৩৪টি।
