জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, প্রধানমন্ত্রীর রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নের জন্য জাতীয় রাজস্ব বোর্ড দেশে একটি ব্যবসা, শিল্প ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির অব্যাহত প্রয়াস চালাচ্ছে। তাই তিনি পরনির্ভরশীলতা ত্যাগ করে আত্মনির্ভরশীল জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে সবাইকে স্বস্ব অবস্থান থেকে আয়কর ও ভ্যাট প্রদানের আহ্বান জানান। তিনি রাজস্ব প্রদান জুলুম মনে না করে তা নৈতিক দায়িত্ব হিসেবে মেনে নিতে বলেন। তিনি বলেন, প্রাক-বাজেট আলোচনাসভায় রংপুর অঞ্চলের বিনিয়োগ সংক্রান্ত সমস্যা ও সম্ভাবনা, আয়কর, কাস্টমস ও ভ্যাটবিষয়ক যেসব প্রস্তাবনা তুলে ধরা হয়েছে তা পর্যালোচনা করে আগামীতে উন্নয়ন পরিকল্পনায় সেগুলো সন্নিবেশিত করা হবে এবং এর ভিত্তিতে রংপুর বিভাগের উন্নয়নের রোডম্যাপ তৈরি করা হবে। গতকাল শনিবার রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এক প্রাক-বাজেট আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান এসব কথা বলেন। আরডিআরএস ভবনের বেগম রোকেয়া মিলনায়তনে অনুষ্ঠিত এই আলোচনাসভায় রংপুর বিভাগের আট জেলার সব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ ও স্টেকহোল্ডারগণ অংশ নেন।
রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর সভাপতিত্বে প্রাক-বাজেট আলোচনাসভায় আরো উপস্থিত ছিলেন মো. আলমগীর হোসেন, সদস্য (করনীতি); সৈয়দ গোলাম কিবরীয়া, সদস্য (কাস্টমস নীতি ও আইসিটি); মো. মাসুদ সাদিক, সদস্য (মূসকনীতি); আবু হান্নান দেলওয়ার হোসেন, কমিশনার, কর অঞ্চল রংপুর; শওকত আলী সাদী, কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর প্রমুখ।
রংপুর বিভাগের চেম্বার নেতৃবৃন্দ আয়কর, কাস্টমস ও ভ্যাটবিষয়ক বিভিন্ন দাবি-দাওয়া পেশ করেন এবং আসন্ন বাজেটে তাদের ব্যাবসায়িক সুযোগ-সুবিধা সংক্রান্ত বিভিন্ন প্রস্তাব/সুপারিশমালা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের নিকট তুলে ধরেন।
