সিলিং ফ্যানে ঝুলছিল শিক্ষার্থীর লাশ, নিচে পড়ে ছিল চিরকুট

আপডেট : ০৬ মার্চ ২০২১, ২২:৫০

সিলিং ফ্যানের সঙ্গে চাদরে প্যাঁচানো গলায় ফাঁস দেওয়া শিক্ষার্থীর লাশ ঝুলছিল। নিচে পড়েছিল চিরকুট। গতকাল শুক্রবার রাতে খাগড়াছড়ির রামগড়ে এ ঘটনা ঘটে। ঐ শিক্ষার্থীর নাম নাইমুল হাসান মিশন (২১)। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২য় বর্ষের ছাত্র।

পরিবার জানায়, নাইমুল বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে রাতের খাবার খেয়ে ঘুমাতে যায়। রাতের কোনো এক সময়ে চিরকুট লিখে সিলিং ফ্যানের সঙ্গে চাদরে পেঁচিয়ে আত্মহত্যা করেন। ভোরে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেলে দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ দেখতে পান স্বজনরা। চিরকুটে লেখা ছিল, ‘এই দুনিয়া আমার জন্য নয়, পারলে সবাই আমাকে ক্ষমা করে দিবেন। আমার মৃত্যুর জন্যে কেউ দায়ী নয়। তাই আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আমার জন্য যদি কেউ কখনো কষ্ট পেয়ে থাকেন, পারলে ক্ষমা করে দিয়েন। আম্মু আমাকে মাফ করে দিয়েন...।’

রামগড় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনির হোসেন বলেন, ‘পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’