কমনওয়েলথের শীর্ষ তিন অনুপ্রেরণাদায়ী নারীর একজন শেখ হাসিনা

আপডেট : ০৬ মার্চ ২০২১, ২২:৫১

কমনওয়েলথের সদস্য দেশগুলোর মধ্যে করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারি মোকাবিলায় নেতৃত্ব দেওয়া শীর্ষ তিন অনুপ্রেরণাদায়ী নারী নেতার তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শনিবার লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক নারী দিবস ২০২১’ উপলক্ষ্যে দেওয়া বিশেষ ঘোষণায় মহামারি চলাকালে সফলভাবে নেতৃত্ব দেওয়া শীর্ষ তিন নারী নেতার নাম ঘোষণা করেন কমনওয়েলথের মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসি। তারা হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন ও বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোটলি।

কমনওয়েলথের মহাসচিবকে উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়েছে, ‘কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে আমি তিন জন অসাধারণ নেতৃত্বের কথা উল্লেখ করতে চাই। তারা হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিকা আরডেন ও বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোটলে। কোভিড মহামারি মোকাবিলায় তারা নিজ নিজ দেশে অসাধারণ নেতৃত্বের স্বাক্ষর রেখেছেন। এই তিন ব্যক্তিত্ব বিশ্বের আরো অনেক নারীর পাশাপাশি আমাকে এমন একটি বিশ্ব গড়ে তোলার ব্যাপারে অনুপ্রেরণা জুগিয়েছেন, যেখানে নারী-পুরুষনির্বিশেষে সবার সম্মিলিত সুন্দর ভবিষ্যত্ ও কল্যাণ সুনিশ্চিত ও সুরক্ষিত থাকবে।’