চট্টগ্রাম কারাগার থেকে এক হাজতি নিখোঁজ হয়েছে। তাকে কারাগারে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে গতকাল শনিবার নগরীর কোতোয়ালী থানায় ডায়েরি করেছেন সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান। কোতোয়ালি থানার ওসি মো. নেজাম উদ্দিন বলেন, শনিবার সকাল থেকে ফরহাদ হোসেন রুবেল নামে এক হাজতিকে কারাগারে পাওয়া যাচ্ছে না উল্লেখ করে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ডায়েরিতে উল্লেখ করা হয়, সকালে কারাগারের সব তালা খোলার পর কারাগারের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও রুবেলকে পাওয়া যায়নি। নিখোঁজ হাজতি রুবেল সদরঘাট থানার একটি হত্যা মামলার আসামি। গত ৯ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন রুবেল। এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য কারাগারের সিনিয়র জেল সুপার ও জেলারকে একাধিকবার ফোন করলেও তারা রিসিভ করেনি।
সদরঘাট থানার পুলিশ জানায়, গত ৬ ফেব্রুয়ারি সহপাঠিকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগে ফরহাদ হোসেন রুবেলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ, সদরঘাট থানার এসআরবি রেলগেইট এলাকায় ৫ ফেব্রুয়ারি গভীর রাতে আবুল কালাম আবু নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে ছুরিকাঘাত করেন রুবেল। পরের দিন সকালে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান কালাম। এই ঘটনায় কালামের মা মর্জিনা বেগম বাদী হয়ে সদরঘাট থানায় মামলা করেন। এই মামলায় রুবেলকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।
