ইউনেস্কোয় জাতিসংঘের সব দাপ্তরিক ভাষায় বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণবিষয়ক গ্রন্থের মোড়ক উন্মোচন

আপডেট : ০৬ মার্চ ২০২১, ২২:৫৬

জাতিসংঘের সব দাপ্তরিক ভাষায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বিষয়ক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে বাংলাদেশ দূতাবাস ও ইউনেস্কোয় বাংলাদেশের স্থায়ী মিশন কর্তৃক প্রকাশিত ‘দ্য হিস্টোরিক সেভেনথ মার্চ স্পিচ অব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান:এ ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ’ শীর্ষক গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। ইংরেজি, ফ্রেঞ্চ, স্প্যানিশ, আরবি, রুশ ও চীনা ভাষাভাষী ১২ জন রাষ্ট্রদূত ও ইউনেস্কোতে স্থায়ী প্রতিনিধিরা গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।

২০১৭ সালে এই ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। এই প্রথম বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ জাতিসংঘের সকল দাপ্তরিক ভাষায় অনূদিত হল। ইউনেস্কো সদর দপ্তরে কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় শুধু আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয় এবং দূতাবাসের সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।

প্রকাশিত গ্রন্থে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বিশেষবাণী অন্তর্ভুক্ত রয়েছে। বইটির মোড়ক উন্মোচন করেন ইউনেস্কোতে নিযুক্ত অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, আইভোরি কোস্ট, সেনেগাল, স্পেন, কিউবা, সৌদি আরব, মৌরিতানিয়া, কুয়েত, রাশিয়া, চীন ও বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধিগণ।

এ সময় ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কাজী ইমতিয়াজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ছিল মূলত বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। এ ভাষণ দীর্ঘ ৯ মাসের মুক্তি সংগ্রামে মূল অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ অনুবাদ এবং প্রকাশনার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।