বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের শুধু অপপ্রয়োগই হচ্ছে না, এর প্রয়োগেও বৈষম্য করা হচ্ছে। আইনের উদ্দেশ্য হিসেবে নারীর সুরক্ষা, রাষ্ট্রের সুরক্ষার কথা বলা হলেও প্রতিদিন ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীর অধিকার ও নারীনীতির বিরুদ্ধাচারণ করে যেসব বক্তব্য প্রচার হচ্ছে সেসব ক্ষেত্রে ডিজিটাল আইনের কোনো প্রয়োগ দেখা যায় না। প্রয়োগ দেখা যায় না জাতীয় সংগীতের বিকৃতিকরণ, এমনকি জাতির পিতার ভাস্কর্য নিয়ে বিদ্বেষমূলক, ধর্মীয় উসকানিমূলক যেসব বক্তব্য প্রচার হচ্ছে তার বিরুদ্ধে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে গতকাল শনিবার রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ নারী মুক্তি সংসদ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কে মেনন বলেন, কারাগারে মুশতাকের মৃত্যুর পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী এই আইন পর্যালোচনার কথা বলেছেন। ওয়ার্কার্স পার্টিও এই আইনের পর্যালোচনা করে আইনটি পরিপূর্ণ বাতিল বা এর নিপীড়নমূলক ধারাসমূহ প্রত্যাহারের কথা বলেছে। কারাগারে লেখক মুশতাকের মৃত্যু বা কারা হেফাজতে কার্টুনিস্ট কিশোরের নির্যাতনের ঘটনাকে স্বাভাবিক বলে মেনে নেওয়া যায় না।
সভায় সভাপতিত্ব করেন নারী মুক্তি সংসদের সভাপতি ও সাবেক এমপি হাজেরা সুলতানা। বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা মোস্তফা আলমগীর রতন, বাংলাদেশ নারী মুক্তি সংসদের আইন বিষয়ক সম্পাদক জোবায়েদা পারভীন, কেন্দ্রীয় নেত্রী চন্দনা বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক অতুলন দাস আলো প্রমুখ।
