জবির দুই ছাত্রসহ হিযবুত তাহরিরের তিন জন রিমান্ডে

আপডেট : ০৭ মার্চ ২০২১, ০০:৩৩

রাজধানীর সূত্রাপুর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরির সদস্য সন্দেহে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুই ছাত্রসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—জবির ইসলাম শিক্ষা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আতিকুর রহমান ও মাকসুদুর রহমান এবং সরকারি সোহরাওয়ার্দী কলেজের ছাত্র এস এম সজিব। গত বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করে পুলিশ। পরে মামলা দায়ের করে গতকাল শনিবার তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হলে আদালত জবির দুই ছাত্রের সাত দিন এবং অপর ছাত্রের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মামুনুর রহমান জানান, বৃহস্পতিবার সূত্রাপুরের ডিআইটি মার্কেট এলাকায় হিজবুত তাহরির নিয়ে আলোচনা করছিলেন গ্রেফতারকৃতরা। তাদের কাছ থেকে সাইয়েদ আবুল আলা মওদুদির লেখা পাঁচটি বই, একটি মাসিক রিপোর্ট, একটি বার্ষিক রিপোর্ট এবং স্পাইরাল বাইন্ডিং করা একটি বই জব্দ করা হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হলে আরো তথ্য বেরিয়ে আসবে।