উইঘুরে গণহত্যার অভিযোগ মিথ্যা দাবি চীনের

আপডেট : ০৭ মার্চ ২০২১, ২০:১৯

মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার পর এবার জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের সঙ্গে চীন সরকারের আচরণকে ‘গণহত্যা’ বলে স্বীকৃতি দিয়েছে নেদারল্যান্ড।  তবে তাদের এ অভিযোগকে মিথ্যা এবং অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছে চীন।

রবিবার (৭ মার্চ) বেইজিংয়ে বার্ষিক সংবাদ সম্মেলনে চীন সরকারের পক্ষ থেকে এ বিষয়ে বিবৃতি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইই।

তিনি বলেন, জিনজিয়াং প্রদেশে যা ঘটছে তা নিয়ে পশ্চিমা রাজনীতিবিদরা মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। তাই প্রকৃতপক্ষে সেখানে কী হচ্ছে তা দেখার জন্য প্রদেশটিতে চীন তাদের সরাসরি পর্যবেক্ষণের অনুমতি দিবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, উইঘুর মুসলিমদের নির্যাতন করছে  চীন সরকার। সেখান থেকে নিয়মিত ধর্ষণ এবং নির্যাতনের অভিযোগ আসছে। এমনকি এসব সংবাদ প্রচার করার কারণে অঞ্চলটিতে বিবিসিকে নিষিদ্ধ করেছে চীন সরকার।

জাতিসংঘ বলছে, উইঘুরের বিভিন্ন ডিটেনশন ক্যাম্পে প্রায় ১০ লাখ স্থানীয় মুসলিমকে বন্দি করে রাখা হয়েছে। যদিও চীন সে অভিযোগ উড়িয়ে দিয়ে বলছে, ক্যাম্পগুলোতে মুসলমানদের বন্দি করে রাখা হয়নি। বরং সেখানে তাদের কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

ইত্তেফাক/টিএ/ইউবি