প্রতিবছর ৮ মার্চ সারাবিশ্বে নারীদের বিশেষভাবে শ্রদ্ধা জানাতে আয়োজিত হয় নানা আয়োজন। বাংলাদেশের নারীদের সম্মান জানাতেও বিশ্ব নারী দিবসে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়ে। সেই তালিকায় থাকে নানা সাংস্কৃতিক আয়োজন। দেশের টিভি চ্যালেনগুলোও তাদের অনুষ্ঠানমালায় নারীদের প্রতি বিশেষ শ্রদ্ধায় রাখে বিভিন্ন অনুষ্ঠান। নারী দিবসের এমনই কয়েকটি অনুষ্ঠান নিয়ে এ আয়োজন—
নারী দিবসের নাটকে মেহজাবীন
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী একের পর এক দর্শকপ্রিয় নাটক উপহার দিয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। রোমান্টিক ঘরানার বাইরে এসে ভিন্নধর্মী গল্পে কাজ করে প্রশংসার জোয়ারে ভাসছেন তিনি। বিশেষ দিবসগুলোতেও তাকে দেখা যায় বিশেষ নাটকে অভিনয় করতে। সেই তালিকায় এবার যুক্ত হলো নতুন একটি নাটক। নারী দিবসের একটি বিশেষ নাটকে অভিনয় করলেন। শামীম সিকদারের রচনা ও সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় ‘কনক চাঁপা’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকটি আজ রাত ৮টায় আরটিভিতে প্রচারিত হবে।
নারী দিবসে ‘উন্নয়নে নারী’
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দীপ্ত টিভিতে আজ রাত ১১টায় প্রচার হবে বিশেষ টকশো ‘উন্নয়নে নারী’। স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ বিনির্মাণে নারীর ভূমিকা ও অর্থনৈতিক-সামাজিক প্রেক্ষাপটসহ সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহণ, ক্ষমতায়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করা হবে। এতে আলোচক হিসেবে থাকবেন কামরুন নাহার, সদস্য, নারীপক্ষ, সেলিমা আহমাদ, এমপি, রুবাবা দৌলা, কান্ট্রি হেড, ওরাকল এবং রোকেয়া প্রাচী, অভিনেত্রী ও নির্মাতা। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন নবনীতা চৌধুরী এবং প্রযোজনা করেছেন মনিরুজ্জামান কবির।
বিশেষ অনুষ্ঠান ‘বিজয়ীনি’
‘বিজয়ীনি’ অনুষ্ঠানটি সাজানো হয়েছে শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও রিকশা চালিয়ে সংসারের হাল ধরা রোজিনাকে নিয়ে। অনুষ্ঠানে দেখা যাবে সেরিব্রাল পালসিতে আক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হূদয় সরকারকে নিয়ে যুদ্ধের জন্য বিশ্বের ১০০ অনুপ্রেরণাদায়ী মায়ের তালিকায় আসন করে নেওয়া হূদয়ের মা সীমা সরকারকে। থাকছেন আরো একজন অদম্য নারী আতিকা রোমা। যিনি গণপরিবহনে নারীর প্রতি হয়রানি রোধে নারীদের স্কুটি প্রশিক্ষণ দিয়ে নারীর চলার পথকে নিরাপদ করেছেন। ফেরদৌসী আহমেদ চৌধুরী লিপির উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন কুইন রহমান। আজ সন্ধ্যা ৬টা ২০ মিনিটে এটিএন বাংলায় এটি প্রচার হবে।
