এই সময়ের ছড়া

ক্ষুদ্র ছড়া রুদ্র ছড়া

আপডেট : ০৭ মার্চ ২০২১, ২০:৫৬

জাহাঙ্গীর আলম জাহান

 

১.

সব শিয়ালের এক রা’

বাধায় খালি ফ্যাঁকড়া

ঐ শিয়ালের পাল্লায়

নেয় না যেন আল্লায়।

 

২.

এই যে বাড়ি, এই যে গাড়ি

সব দিয়েছে শ্বশুরে—

ধরা খেয়েই বলছে এসব

দুর্নীতিবাজ অসুরে।

 

৩.

ঘরের শত্রু বিভীষণ

ফণা ধরে কী ভীষণ

ফণা দেখে শির বিষ

করব ফণা নির্বিষ।

 

৪.

একটু ভাবো বেলা শেষে

জমল কত ঋণ হাতে

তুষ্ট তোমায় থাকতে হবে

মাত্র সাড়ে তিন হাতে।

 

৫.

মরণ এলে চরণ ধরেও

যায় না তাকে এড়ানো

জীবন মানে কল্পলোকে

অল্প ক’দিন বেড়ানো।