হা হা হো হো

আপডেট : ০৭ মার্চ ২০২১, ২০:৫৭

একদিন এক ঘরামি এক বাড়ির চাল ছাচ্ছিল, আর খুব গর্ব করে বলছিল, ‘এতখানি বয়স হলো কত ঘর ছেয়েছি, কিন্তু এ-পর্যন্ত কখনো ঘরের চাল থেকে পড়িনি।’

তখন একজন বলল, ‘সে কী? ঐ যে সেদিন তুমি ইছাইপুরের ম্যানাই পরামানিকের ঘর থেকে পড়ে গিয়েছিল।’

ঘরামি ঘাড় নেড়ে বলল, ‘ঐ ঐ একদিন মোটে পড়েছি।’

আর একজন বলল, ‘কেন, এই যে সেদিন তুমি বিছেলকাটির ছাপ্পড় খাঁর চাল থেকে পড়ে গিয়েছিল।’

ঘরামি লজ্জার সাথে বলল, ‘হাঁ হাঁ, ঐ আর একদিন।’

তখন আর একজন বলল, ‘গত বছর ফাল্গুন মাসে তুমি যে ইল্লিকগাঁতির বেল্লিক বাবুর ঘরের চাল থেকে পড়ে গিয়েছিল।’

ঘরামি মাথা নত করে বলল, ‘হাঁ হাঁ সত্য বটে!’

তখন আরো কতজনে ঘরামি আরো কতবার চাল থেকে পড়ে যাবার কথা বলল।

ঘরামির মুখে আর কথা নেই!

সূত্র: হাসির গল্প/শেখ হবিবর রহমান