ঝিনাইদহে সহস্র কণ্ঠে ধ্বনিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের কালজয়ী সেই ভাষণ। রবিবার সকালে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। সকাল ৮টার আগেই বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে হাজির হয় শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কানায় কানায় ভরে যায় স্টেডিয়াম। শুরু হয় মুজিব কণ্ঠের অনুকরণ। ইতিহাস যেন ক্ষণিকের জন্য ফিরে যায় ১৯৭১ সালের ৭ই মার্চের সেই মাহেন্দ্রক্ষণে। বজ কণ্ঠে পাঠ করা হয় কালজয়ী সেই ভাষণ। সকলের মুখে উচ্চারিত হয় ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। যা শুনতে সেদিনের মত ভিড় করেন শহরবাসী।
শিক্ষার্থীরা বলেন, এই আয়োজনের মধ্যদিয়ে আমরা বঙ্গবন্ধু এবং স্বাধীন দেশ গঠন সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম। এ ব্যাপারে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের মর্মার্থ, গুরুত্ব শিক্ষার্থীদের জানানোর জন্য এই আয়োজন। এর মাধ্যমে শিক্ষার্থীরা দেশপ্রেমে উজ্জীবিত হবে। আগামী প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করবে।
