ডাক বিভাগ :ন’টার গাড়ি ক’টায় ছাড়ে?

আপডেট : ০৭ মার্চ ২০২১, ২১:৪৪

মীরসরাই (৪৩২০) ডাকঘরের মাধ্যমে ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে তিন বছর মেয়াদি একটি হিসাব খুলি আমি। যার নম্বর ৪৪। হিসাবটির মেয়াদপূর্তি এবং আমার বিশেষ প্রয়োজনে ১৪ ফেব্রুয়ারি ২০২১ তরিখে মীরসরাই ডাকঘরের মাধ্যমেই হিসাবটি বন্ধ করে আমার সমুদয় পাওনা বুঝে পেতে পাসবই জমা দিই। আজ পর্যন্ত আমি আমার পাওনা বুঝে পাইনি বা কী খবর তা আমাকে জানানোও হয়নি। পাসবই জমা দেওয়ার পর মিরসরাই ডাকঘর থেকে আমাকে যে রসিদ দেওয়া হয়, তার নম্বর ৩১৬৬৪৯। উল্লেখ্য, জোরারগঞ্জ (৪৩২৬) ডাকঘরে আমার বড়বোন পাসবই জমা দেওয়ার ১২ দিন পর এবং খাগড়াছড়ি (৪৪০০) সদর ডাকঘরে আমার ছোটবোন পাসবই জমা দেওয়ার দিনই তাদের সমুদয় পাওনা বুঝে পেয়েছে। আমি আমার বিশেষ প্রয়োজনে জরুরিভিত্তিতে টাকা পাওয়ার জন্য পাসবই জমা দিলেও পাওনা পাইনি! সময়ের অবমূল্যায়ন করত বলে এক সময় ডাক বিভাগকে রসিকতা করে প্রশ্ন করা হতো ‘ন’টার গাড়ি ক’টায় ছাড়ে?’ তথ্যপ্রযুক্তির এই বাসন্তীপর্বে এসেও কি তাহলে একই রয়ে গেল ডাক বিভাগ?

রোজিনা ইব্রাহীম শিপ্রা

বারইয়ারহাট, মীরসরাই, চট্টগ্রাম ৪৩২৬