সিরিজে ছিল ২-২ সমতা। শেষ ম্যাচটা তাই অলিখিত ফাইনাল। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠলেন ওপেনার মার্টিন গাপটিল। তার তাণ্ডবে অস্ট্রেলিয়ার পুঁজি মামুলি বানিয়ে জিতল কেন উইলিয়ামসনের দল। আগে ব্যাট করা ম্যাথু ওয়েডের ২৯ বলে ৪৪ রানের ওপর ভর করে অস্ট্রেলিয়া করেছিল ১৪২ রান। সেই রান ২৭ বল আগেই পেরিয়ে ৭ উইকেটে ম্যাচ জিতেছে নিউজিল্যান্ড। সিরিজ জিতেছে ৩-২ ব্যবধানে। এই নিয়ে সব সংস্করণ মিলিয়ে টানা পাঁচটি সিরিজ জেতা হয়ে গেল ব্ল্যাক ক্যাপসদের। তাদের সামনে পরের প্রতিপক্ষ বাংলাদেশ। ১৪৩ রানের লক্ষ্যে নেমে দুই ওপেনার ডেভন কনওয়ে আর মার্টিন গাপটিলই ব্ল্যাক ক্যাপসদের নিয়ে যান জয়ের কিনারে। দ্বাদশ ওভারেই দুই জনের জুটিতে আসে শতরান। ওয়েলিংটনের মাঠে প্রথমে ব্যাটিং নিয়ে অজিদের শুরুটা হয় ভীষণ বাজে। তৃতীয় ওভারেই আউট হয়ে যান জশ ফিলিপ। এরপর অ্যারন ফিঞ্চ আর ওয়েড জুটিতে এগোয় সফরকারীরা। ওয়েডের ইনিংসে ভর করেই মোটামুটি একটা পুঁজি পেয়েছিল অস্ট্রেলিয়া।
