আইপিএল শুরু হচ্ছে ৯ এপ্রিল

আপডেট : ০৭ মার্চ ২০২১, ২১:৫২

মোতেরাসহ ছয় ভেন্যুতে

হবে পুরো আসর 

স্পোর্টস ডেস্ক

চেন্নাইয়ে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের মধ্যকার ম্যাচ দিয়ে ৯ এপ্রিল মাঠে নামছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। গতকালকে প্রকাশিত বিসিসিআইয়ের সূচি অনুযায়ী মের ৩০ তারিখ শেষ হতে যাওয়া এই জাঁকজমকপূর্ণ টি-টুয়েন্টি টুর্নামেন্টের এবারের আসর অনুষ্ঠিত হবে মাত্র ছয়টি ভেন্যুতে। সবকটি প্লে-অফ এবং ৩০ মের ফাইনাল অনুষ্ঠিত হবে নবনির্মিত মোতেরার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। খবর ক্রিকবাজের।

টুর্নামেন্টের শুরুতে সব ম্যাচই হবে দর্শকবিহীন ভেন্যুতে। তবে পরবর্তী সময়ে মাঠে দর্শক আনার ব্যাপারে চিন্তা করবে তারা। এবারের আসরে মোট ম্যাচ খেলা হবে ৫৬টি। চার ভেন্যু—চেন্নাই, মুম্বাই, কলকাতা ও বেঙ্গালুরে অনুষ্ঠিত হবে ১০টি করে ম্যাচ। আর দিল্লি ও আহমেদাবাদে অনুষ্ঠিত হবে আটটি করে ম্যাচ। বিকালের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় ৪টায়। আর সন্ধ্যার ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৮টার দিকে।

১৪তম বারের মতো মাঠে নামতে যাওয়া এই টি-টুয়েন্টি টুর্নামেন্টে এবার খেলবে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্সসহ আটটি দল।