দুই আসামি বাদ দিয়ে চার্জশিট বিক্ষোভ, মানববন্ধন

আপডেট : ০৭ মার্চ ২০২১, ২২:৪৩

ধামরাইয়ে সাংবাদিক জুলহাস হত্যা মামলা

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

ধামরাই প্রেসক্লাবের সহসভাপতি মো. জুলহাস উদ্দিনকে গত ৩ সেপ্টেম্বর উপজেলার বারবাড়িয়া বাসস্ট্যান্ডে প্রকাশ্যে গলায় ধারালো অস্ত্র চালিয়ে হত্যার ঘটনায় মামলা দায়েরের পাঁচ মাস পর এজাহারভুক্ত দুই আসামি মালেক ও মামুনকে বাদ দিয়ে চার্জশিট দাখিল করেছেন ধামরাই থানা পুলিশ। এতে নিহত জুলহাসের স্বজন অর্থাত্ মামলার বাদী পক্ষ, সাধারণ জনতা ও সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। বাদী পক্ষের অভিযোগ, খুনের কয়েক বছর আগেও জুলহাসকে হত্যার জন্য ব্যাপক মারধর ও হাতুড়িপেটা করে অজ্ঞান করে ফেলে রেখেছিল মালেক ও মামুন। আর তাদেরই মামলা থেকে বাদ দিলেন পুলিশ। পুলিশ মোটা অঙ্কের টাকার বিনিময়ে এমন অনিয়ম করেছে বলেও অভিযোগ বাদী পক্ষের। তাই বাদী নারাজি দিয়েছেন। মামলা পিআইবিতে আছে বলে জানান নিহতের বোন রিনা। তবে মামলার তদন্ত কর্মকর্তা ওসি (তদন্ত) কামাল হোসেন জানান, তদন্ত করে যা পেয়েছেন সে মতেই তিনি চার্জশিট দিয়েছেন।

ওদিকে জুলহাস হত্যা মামলার দুই আসামি বাদ দিয়ে চার্জশিট দেওয়ায় গতকাল ধামরাই প্রেস ক্লাবের উদ্যোগে প্রেস ক্লাবের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিকরা ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন এবং এক সপ্তাহের মধ্যে বাদ দেওয়া আসামিদের এজাহারভুক্ত করে গ্রেফতারের দাবি জানানো হয়। অন্যথায় আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে উল্লেখ করেন বক্তারা। প্রেস ক্লাবের সভাপতি আবু হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক আনিস উর রহমান স্বপন, ক্লাবের সাবেক সভাপতি বাবুল হোসেন, সাংবাদিক মোকলেছুর রহমান, আজহারুল ইসলাম রাজু, মোস্তাফিজুর রহমান বকুল, আবদুল কাদের, আবদুল আহাদ বাবু, গোলাম কিবরিয়া স্বপন ছাড়াও জুলহাস উদ্দিনের স্ত্রী কবিতা আক্তার, বোন মাজেদা আক্তার।