বিশেষ প্রতিনিধি
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সদ্য প্রয়াত এইচ টি ইমামের কুলখানি ও দোয়া মাহফিল আজ সোমবার বাদ আসর গুলশানে অবস্থিত আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। ১৯৭১-এর মার্চ মাসে এইচ টি ইমাম রাঙ্গামাটি জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্বে ছিলেন। তিনি আমলা হয়েও পাকিস্তানের আনুগত্য ত্যাগ করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং প্রবাসী সরকারের অধীনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদায় তার জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা নিয়োগ করেন। ২০১৪ সালে তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ করা হয়। সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর আওয়ামী লীগে সক্রিয় হন এইচ টি ইমাম। দলের নির্বাচন পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ছিলেন তিনি, যে কমিটির চেয়ারম্যান শেখ হাসিনা। এ ছাড়া আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছিলেন এইচ টি ইমাম।
