‘এডাব’-এর আলোচনা সভায় বক্তারা
‘করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে গতকাল রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী হলে এডাবের (অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ) আয়োজনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এডাব ঢাকা মহানগর শাখার সভাপতি মাসুদা ফারুক রত্নার সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তারা বলেন, করোনা পরিস্থিতিতে কাজ হারিয়ে বিপাকে পড়েছেন অনেক কর্মজীবী নারী। ফলে নারীদের প্রতি অর্থনৈতিক ও মানসিক চাপ কিংবা পারিবারিক সহিংসতা বেড়ে গেছে। এর প্রভাবে বাল্যবিবাহসহ নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি মোকাবেলায় নারীর পাশাপাশি পুরুষের সহযোগিতাও সমানভাবে প্রয়োজন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. জেবউন নেসা, মুসলিম এইডের (ইউকে) কান্ট্রি ডিরেক্টর রাবেয়া সুলতানা, বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর, এনজিও বিষয়ক ব্যুরোর নিবন্ধন ও নবায়ন শাখার সহকারী পরিচালক (সিনিয়র সহকারী সচিব) শীলু রায়, এডাব কার্যনির্বাহী পরিষদের কোষাধ্যক্ষ ড. লায়লা আরজুমান্দ বানু, এডাব কার্যনির্বাহী পরিষদ সদস্য মাহবুবা বেগম প্রমুখ। এডাব ঢাকা মহানগরের পক্ষে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাজী বেবী।—প্রেস বিজ্ঞপ্তি
