আগে খাব তারপরে তো দেব

আপডেট : ০৭ মার্চ ২০২১, ২৩:০২

তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে নিয়ে ফের সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গতকাল রবিবার পশ্চিমবঙ্গের উত্তর দার্জিলিঙের শিলিগুড়িতে তিনি বলেন, হঠাত্ করে ভারত সরকার বলে দিল তিস্তার পানি দিয়ে দাও। পশ্চিমবঙ্গ সরকারকে জিজ্ঞাসা করল না। আমার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সবচেয়ে ভালো। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধা জানাই, সালাম জানাই। খুব ভালোবাসি। কিন্তু পশ্চিমবঙ্গে তো একটা সরকার আছে। আমি তো বলিনি বাংলাদেশকে পানি দেব না। আমি খাব তারপরে তো দেব। মোদির উদ্দেশ্যে মমতা বলেন, একটা রাজ্য সরকার আছে। তুমি হঠাত্ গিয়ে বলে আসছো আমার রাজ্যটাকে বিক্রি করে দেব। বাহ! বাহ! অতো সস্তা না ভাই। আমার ঘরে আগে জল থাকবে তারপরে তো দেব।

পাশাপাশি তিনি বলেন, পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে না। এখানে তৃণমূল থাকবে। পরিবর্তন হবে দিল্লিতে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে তিনি বলেন, আপনাকে চলে যেতে হবে। আগামী দিনে পাঁচ রাজ্যে নির্বাচন আছে। পাঁচটার পাঁচটাতেই ধাক্কা খাবেন। তামিলনাডুতে হারবেন, কেরালায় হারবেন, আসামে হারবেন, পশ্চিমবঙ্গে হারবেন, সবকটায় হারবেন।

তিনি বলেন, কলকাতায় রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এখন ৮৪৫ টাকা। শিলিগুড়িতে সেই গ্যাসের দাম ৮৭২ টাকা। একই গ্যাস দার্জিলিং পাহাড়ে হাজার টাকার বেশি দিয়ে কিনতে হয়। সিলিন্ডার এমনিতেই ১০০ টাকা বেশি দাম নেওয়া হয় পাহাড়ে। কুলি খরচ আরও অন্তত ১০০ টাকা দিতে হয়। যা সাধারণ মধ্যবিত্তের কাছে স্বাভাবিক ভাবেই আতঙ্কের।

মমতা বলেন, আমরা প্রতীকি আন্দোলন শুরু করলাম। শুধু ভোট চাইতে আসতে পারতাম। কিন্তু আমার কাছে বড় ইস্যু মূল্যবৃদ্ধি। আগুন জ্বলছে রান্না ঘরে, পেট্রোলের দাম বৃদ্ধি হয়েছে। মানুষ দুঃখে আছে। কেরোসিন দিচ্ছে না। এই অবস্থায় দাঁড়িয়ে মানুষের যে সমস্যা, সেই সমস্যা রাজনৈতিক ভোটের চেয়ে অনেক বড়। তাই মোদিবাবু ফাঁকা ব্রিগেডে বক্তৃতা দেন, আর আমি রাস্তায় দাঁড়িয়ে থাকি। চিরকালের স্ট্রিট ফাইটার আমি।