সাংবাদিক মুজাক্কির হত্যায় যুবলীগ নেতা গ্রেফতার

আপডেট : ০৭ মার্চ ২০২১, ২৩:০৩

কোম্পানীগঞ্জে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার ঘটনায় বেলাল হোসেন নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পিবিআই। বেলাল চরফকিরা ইউনিয়ন যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক। গতকাল রবিবার বসুরহাট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবুধাবী প্রবাসী মো. ইব্রাহিমের ছেলে।

জানা যায়, উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নুরুল হক বীর-উত্তম মিলনায়তন চত্বরে আয়োজিত আলোচনাসভায় বক্তারা জোরালোভাবে এ হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবি ওঠার কিছুক্ষণের মধ্যে পিবিআই ঐ সভাস্থলের কাছ থেকে বেলালকে গ্রেফতার করে। নোয়াখালী পিবিআই ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বসুরহাটে অভিযান চালিয়ে বেলালকে গ্রেফতার করা হয়েছে। বেলালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এ বিষয়ে বেশি কিছু বলতে অপারগতা প্রকাশ করেন মামলার তদন্তকারী পুলিশের এই কর্মকর্তা।

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি উপজেলার চাপরাশিরহাট বাজারে আওয়ামী লীগের দুই গ্রুপ ও পুলিশের ত্রিমুখী গোলাগুলিতে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির গুলিবিদ্ধ হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরের দিন তার মৃত্যু হয়। এ ঘটনায় ২২ ফেব্রুয়ারি তার পিতা নোয়াব আলী মাস্টার অজ্ঞাতদের আসামি করে কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। পরে এ মামলার তদন্তভার পিবিআইয়ের হাতে হস্তান্তর করা হয়।