জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষ্যে খুলনায় ১ লাখ ৫০ হাজার ১৫১ জন শিশু বঙ্গবন্ধু সমাবেশ ও ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপস্থাপন করেছে। গতকাল রবিবার বিকালে নগরীর বয়রাস্থ খুলনা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে এবং চাইল্ড ইন্টিগ্রিটি ও শিশু বঙ্গবন্ধু ফোরামের সার্বিক ব্যবস্থাপনায় এ শিশু বঙ্গবন্ধু সমাবেশ এবং ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপস্থাপন করা হয়। খুদে শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর মতো একই ভঙ্গিতে ১৯৭১ সালের ৭ই মার্চ তত্কালীন রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর দেওয়া ১৯ মিনিটের ভাষণ প্রদান করে। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জুম ওয়েবিনারের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
জেলা প্রশাসন কর্তৃপক্ষ জানায়, মূল অনুষ্ঠানস্থলে মহানগরীর শ্রেষ্ঠ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নির্বাচিত ১৫১ জন শিশু বঙ্গবন্ধুর কণ্ঠে এবং একই সঙ্গে সমগ্র জেলা থেকে জুম ওয়েবিনারে সংযুক্ত ১ লাখ ৫০ হাজার শিশু বঙ্গবন্ধুর কণ্ঠে একযোগে বঙ্গবন্ধু ৭ই মার্চ ১৯৭১ সালে যে সময়ে ভাষণ দিয়েছিলেন ঠিক একই সময়ে জেলাব্যাপী সমস্বরে ধ্বনিত হয় বঙ্গবন্ধুর সেই কালজয়ী ভাষণ।
সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর স্বাধীনতার ডাক থেকেই বাঙালি জাতি ১৯৭১ সালে স্বাধীনতা ছিনিয়ে আনে। সেই ঐতিহাসিক ক্ষণকে লক্ষাধিক খুদে বঙ্গবন্ধু আবারও স্মরণীয় করে রাখল। এখান থেকেই বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে তারা একদিন বাংলাদেশের নেতৃত্ব দেবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, মুক্তিযোদ্ধা কমান্ডার আলমগীর কবির প্রমুখ।
নড়াইলে হাজারো কণ্ঠে বঙ্গবন্ধুর ভাষণ
নড়াইল প্রতিনিধি জানান, নড়াইলে হাজারো কণ্ঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। রবিবার বেলা ১১টায় নড়াইলের জেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের আয়োজনে হাজার কণ্ঠে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এ উপলক্ষ্যে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ সুলতান মঞ্চ চত্বরে বাংলাদেশের লাল-সবুজের মানচিত্র সাঁজানো হয়, উড়ানো হয় ৬০ ফুট দীর্ঘ জাতীয় পতাকা। শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার শিক্ষার্থী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলাম প্রমুখ।
