অভয়নগরে ইউপি সদস্যকে গুলি করে হত্যা, ছেলে গুলিবিদ্ধ

আপডেট : ০৭ মার্চ ২০২১, ২৩:০৪

যশোর অফিস

যশোরের অভয়নগরে এক ইউপি সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার ছেলেও গুলিবিদ্ধ হয়েছে। নিহত নূর আলী (৫০) ওরফে নূর আলী মেম্বার উপজেলার শুভরাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। রবিবার রাত ৮টার দিকে শুভরাড়া ইউনিয়নের শুভরাড়া গ্রামের বাবুরহাট নামকস্থানে সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হন। এ সময় তার ছেলে ইব্রাহিমও (১৬) গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। আহত ইব্রাহিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মণ্ডল জানান, রবিবার অভয়নগর থানাপুলিশের ৭ মার্চের আনন্দ উদযাপন অনুষ্ঠান শেষে সন্ধ্যার পর মোটরসাইকেলযোগে নিজ বাড়ি ফিরছিলেন নূর আলী ও তার ছেলে। শুভরাড়া ইউনিয়নের বাবুরহাট নামকস্থানে পৌঁছালে অজ্ঞাত সন্ত্রাসীরা খুব কাছ থেকে গুলি করে। গুলি নূর আলীর মাথায় বিদ্ধ হয় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নূর আলির ছেলে ইব্রাহিমের পায়ে গুলিবিদ্ধ হয়েছে। ইব্রাহিমকে হাসপাতালে ভর্তির জন্য প্রেরণ করা হয়েছে। হত্যা রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।