বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ‘সারা বাংলাদেশে যত উন্নয়ন হচ্ছে তার একমাত্র কান্ডারি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আজ রাস্তাঘাট, ব্রিজ, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ সকল সেক্টরে উন্নয়ন হচ্ছে। আজ শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই চরভদ্রাসন ও সদরপুরের চরাঞ্চলে পদ্মা নদীর পানির নিচ দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুত্ যাচ্ছে, যা আগামী দুই সপ্তাহের মধ্যে উদ্বোধন হবে। এটা কার উন্নয়ন? শেখ হাসিনার উন্নয়ন। আপনারা দেখেন, আজকে বড় বড় দেশ আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া করোনা ভাইরাস মোকাবিলায় হিমশিম খাচ্ছে কিন্তু আমাদের দেশে একমাত্র জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা মোকাবিলায় পুলিশ, ডাক্তার ও অন্যান্য সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ভাইয়েরা জীবন বাজি রেখে করোনা মোকাবিলায় কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার প্রচেষ্টায় আজ আমাদের দেশের মানুষেরা করোনা ভ্যাকসিন পাচ্ছে। শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সকল অপশক্তিকে প্রতিহত করে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলাই হবে ৭ই মার্চের শপথ।’
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে রবিবার সন্ধ্যায় বাংলাদেশ পুলিশের আয়োজনে চরভদ্রাসন থানা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হওয়ায় সেখানে আনন্দ উদ্যাপন করা হয়। এ সময় কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করার পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করেন এমপি নিক্সন চৌধুরী। এ সময় তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার। আরো উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মো. জাকারিয়া হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আজাদ খান, সাধারণ সম্পাদক মো. কাউসার হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার আলী মোল্যা, মো. গোলাম মোস্তফা, যুবলীগ সভাপতি মো. মোরাদ হোসেন, ছাত্রলীগ সভাপতি মো. কামরুল হাসান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি এমপি নিক্সন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও ক্রেস্ট উপহার দেওয়া হয়।
